ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদের ৬৮তম জন্মদিন পালিত হয়েছে। তারেক মাসুদ ফাউন্ডেশনের আয়োজনে ভাঙ্গা পৌরসভার নুরপুরে তারেক মাসুদের গ্রামের বাড়িতে শনিবার বেলা ১১ টার দিকে তার সমাধিস্থলে তার জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক মাসুদ ফাউন্ডেশনের সভাপতি সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক মাসুদ ফাউন্ডেশনের সেক্রেটারি সাঈদ মাসুদ, অধ্যাপক হেদায়েত হোসেন, রাজনীতিবিদ সুভাষ মন্ডল, আবু বক্কর মিয়া, লিয়াকত হোসেন, প্রভাস কুমার মালো, আবুল কালাম , সোহাগ মিয়া প্রমূখ। এর আগে তারেক মাসুদের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করা হয় ।
অনুষ্ঠানে প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ কান্না জড়িত কন্ঠে বলেন, "মৃত্যুর পূর্বে তারেক মাসুদের নামে একটি জাদুঘর তার জন্মভূমি ভাঙ্গায় দেখে যেতে চাই। যেখানে তারেক মাসুদের ব্যবহৃত সকল সামগ্রী রাখা হবে। ঢাকার একটি বাসায় এগুলো সংরক্ষিত রয়েছে। জাদুঘর নির্মিত হলে স্মৃতিচিহ্নগুলো এ দেশের মানুষ দেখতে পারবে।এছাড়া তারেক মাসুদের স্মৃতি রক্ষার্থে তাঁর নামে ভাঙ্গার একটি সড়কের নামকরণের দাবি জানাই।"
এ সময় বক্তারা বলেন, তারেক মাসুদ ভাঙ্গা তথা ফরিদপুরের গর্ব। তিনি তার চলচ্চিত্রে মহান মুক্তিযুদ্ধ সহ গ্রামীণ বাংলাদেশকে তুলে ধরেছেন। মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, রানওয়ে সহ অসংখ্য কালজয়ী সৃষ্টি তাঁর হয়েছে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর সমাধিস্থল ঘিরে একটি জাদুঘর নির্মাণ করা জরুরী। এছাড়া ভাঙ্গার একটি সড়ক তারেক মাসুদের নামে নামকরণ করার জন্য তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ই জুন ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নুরপুরে জন্মগ্রহণ করেন। তিনি ২০১১ সালের ১৩ ই আগস্ট মানিকগঞ্জে একটি সিনেমার লোকেশন ঠিক করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh