পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা, বরগুনার পাথরঘাটায় একটি নির্বাচনী পথসভায় দেওয়া বক্তব্যকে ঘিরে সৃষ্টি হওয়া বিভ্রান্তি ও অনাকাঙ্ক্ষিত আলোচনার পর দুঃখ প্রকাশ করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসান।
রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, তাঁর বক্তব্যের কিছু শব্দচয়ন অনিচ্ছাকৃতভাবে ভুল ছিল, যা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি হয়েছে। এতে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
গত শুক্রবার (২৪ জানুয়ারি) কাকচিড়া ইউনিয়নের কাটাখালি এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা অনুষ্ঠানে তাঁর দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর উদাহরণ তুলে ধরেই তিনি বক্তব্য রাখেন। বিশেষ করে ২০২১ সালের ২৫ ডিসেম্বর জাগোনিউজ২৪–এ প্রকাশিত ‘দিনে মাদকসেবীদের আড্ডা, রাতে যৌনকর্মীদের দখলে সোহরাওয়ার্দী উদ্যান’ শীর্ষক প্রতিবেদনটির উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রলীগের কিছু কর্মীর মাদকসেবন নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেয়। ডাকসু ও প্রশাসনের উদ্যোগে এসব অনিয়ম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও তিনি মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে উল্লেখ করে শামীম আহসান বলেন, দেশের উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের ঘটনাতেও তাদের ভূমিকা জাতির কাছে নতুন আশা জাগিয়েছে বলে তিনি মনে করেন।
রাজনৈতিক বক্তব্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও দায়িত্বশীল ভাষা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি আশা প্রকাশ করেন সবাই মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh