স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে রাজধানীর প্রতিটি ভোটকেন্দ্রে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও নাশকতার চেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সামান্য শৈথিল্যও বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত নির্বাচন-সংক্রান্ত নিরাপত্তা পরিকল্পনা ও সামগ্রিক ব্যবস্থাপনা বিষয়ক উচ্চপর্যায়ের সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, ভোটকেন্দ্রে অরাজকতা সৃষ্টি বা ভোটাধিকার ব্যাহত করার যেকোনো চেষ্টা শক্ত হাতে প্রতিহত করতে হবে। থানা এলাকা থেকে দূরবর্তী ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ ঝুঁকি বিবেচনায় এনে অতিরিক্ত নজরদারির আওতায় আনতে হবে। নির্বাচনকালীন সময়ে থানা এলাকায় পুলিশি টহল আরও জোরদার করার নির্দেশও দেন তিনি।
ডিএমপি কমিশনার স্পষ্ট করে বলেন, “নির্বাচনের দিন কোনো কেন্দ্র যেন আইনশৃঙ্খলার দুর্বলতা বা প্রশাসনিক ব্যর্থতার উদাহরণ না হয় সে দায়িত্ব পুরোপুরি পুলিশের।”
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচন ভিন্ন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে। সেই বাস্তবতা উপেক্ষা করলে পরিস্থিতি জটিল হতে পারে। এজন্য অতিরিক্ত ফোর্স মোতায়েনসহ পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, টহল জোরদার, গোয়েন্দা নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া টিমের কার্যক্রম তুলে ধরেন।
সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরেন এবং ডিএমপি কমিশনার একাধিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজিপি), অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh