কে এম আবুল কাশেম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফ: বিজ্ঞান উৎসব-২০২৬ এ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দেখে মুগ্ধ সিটি মেয়র; জলাবদ্ধতা, পানি সংকট ও দূষণ মোকাবেলায় তরুণদের গবেষণামুখী হওয়ার আহ্বান
চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব, টেকসই ও দূষণমুক্ত নগরীতে রূপান্তর করতে বিজ্ঞানভিত্তিক চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি, জলাবদ্ধতা, পানি সংকট ও পরিবেশ দূষণের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে গবেষণামুখী ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত “বিজ্ঞান উৎসব-২০২৬”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প ভবিষ্যতের নিরাপদ ও বাসযোগ্য চট্টগ্রাম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রতিটি স্টল ঘুরে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী চিন্তাধারার প্রশংসা করেন।
তিনি বলেন, “আমি ছোটবেলা থেকেই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতাম। বিজ্ঞানচর্চা শুধু প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যৎ নেতৃত্ব ও সমস্যা সমাধানের মানসিকতা তৈরি করে। আজকের শিক্ষার্থীরা যেভাবে একটি ইকো-ফ্রেন্ডলি ও সাস্টেইনেবল শহর গঠনের চিন্তা করছে, তা সত্যিই আশাব্যঞ্জক।”
ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে চট্টগ্রামের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। কোথায় পানি জমছে, কীভাবে দ্রুত নিষ্কাশন করা যায়, খাল-নদী রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিক সচেতনতা ও তরুণদের অংশগ্রহণ ছাড়া বাসযোগ্য নগর গড়া সম্ভব নয়।”
বিজ্ঞান উৎসবে শিক্ষার্থীরা রেইন ওয়াটার হারভেস্টিং, রিচার্জ ট্রিটমেন্ট প্ল্যান্ট, নদীর পানি পরিশোধন ও পুনঃব্যবহারসহ নানা পরিবেশবান্ধব প্রকল্প উপস্থাপন করে। মেয়র বলেন, ভবিষ্যতের পানি সংকট মোকাবেলায় এখন থেকেই পানি সংরক্ষণ, বৃষ্টির পানি ধারণ ও পুনর্ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঋতুচক্রে পরিবর্তন এসেছে। অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী বর্ষণ নগরবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে। তাই বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ জরুরি।
পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব এবং কার্বন নিয়ন্ত্রণ নিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তারও প্রশংসা করেন মেয়র। তিনি বলেন, “নতুন প্রজন্ম শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নেই, তারা বাস্তব সমস্যার সমাধান নিয়েও ভাবছে।
এই মানসিকতাই বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।”
অনুষ্ঠানে বিজ্ঞান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ সাইফুল করিম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা।
সমাপনী পর্বে আরও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব নাজমা বিনতে আমিন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনজুর আলম মঞ্জু, অভিভাবক সদস্য রফিক উদ্দিন চৌধুরী, মো. শাহেদ আকবর, সুফিয়া আক্তার সিমি এবং কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh