হারুন-অর-রশিদ,স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত শাহ্ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে ‘শেষ বৈশাখী’ মেলাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো মানুষ মাজার জিয়ারত ও ধর্মীয় আচারে অংশ নিচ্ছেন। তবে পবিত্র এই আয়োজনকে ম্লান করে দিচ্ছে মেলা প্রাঙ্গণে প্রকাশ্য মাদক সেবন ও কেনাবেচার মহোৎসব।
স্থানীয় বাসিন্দা ও মেলায় আসা দর্শনার্থীদের অভিযোগ, মাজারের পবিত্রতা ক্ষুণ্ণ করে মেলার বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যেই চলছে গাঁজাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের রমরমা কারবার। সরেজমিনে দেখা গেছে, মাজারের অদূরে ‘দুধ পাথর’ এলাকা এবং আশপাশের অলিগলিতে দলবেঁধে চলছে মাদক সেবনের আসর।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই এসব অসামাজিক ও আইনবিরোধী কর্মকাণ্ড চললেও প্রশাসন রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে। মেলায় আসা সাধারণ দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রশাসনের নাকের ডগায় নেশার আসর বসলেও তারা যেন দেখেও না দেখার ভান করছেন। এতে করে পরিবার-পরিজন নিয়ে আসা সাধারণ মানুষ চরম বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দর্শনার্থী জানান, একটি পবিত্র ঐতিহাসিক স্থানে পুলিশের সামনেই গাঁজা সেবন চলছে, যা কল্পনা করাও কঠিন। মাদকসেবীদের উচ্ছৃঙ্খলতায় মাজারের ধর্মীয় পরিবেশ ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকার সচেতন মহল ও ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি, মাজারের পবিত্রতা রক্ষা এবং মাদকের বিস্তার রোধে প্রশাসনকে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা মনে করেন, এই ঐতিহ্যবাহী আয়োজনকে কলুষমুক্ত রাখতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে জননিরাপত্তা ও সামাজিক পরিবেশ আরও হুমকির মুখে পড়বে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh