মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি অংশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনাসহ পানি জমে থাকায় সেখানে মশার প্রজনন কেন্দ্র তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসালয়ের ভেতরেই এমন অস্বাস্থ্যকর পরিবেশের কারণে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার খোলা অংশজুড়ে কালচে পানি জমে রয়েছে। পানির মধ্যে শুকনো পাতা ও বিভিন্ন ধরনের প্লাস্টিক-বর্জ্যসহ নানা আবর্জনা ভাসতে দেখা যায়। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সেখানে মশার লার্ভা সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
হাসপাতালে সেবা নিতে আসা জাহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “কর্তৃপক্ষের সঠিক নজরদারি ও দায়িত্বে অবহেলার কারণেই হাসপাতালের ভেতর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাসপাতালে রোগীরা রোগ থেকে মুক্তি পেতে চিকিৎসা নিতে আসেন, কিন্তু এখানে এসে উল্টো তারা নতুন করে ডেঙ্গু বা মশাবাহিত রোগের ঝুঁকির মধ্যে পড়ছেন।”
আরেক রোগী রুহুল আমিন বলেন, “নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের কোনো সঠিক ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অবিলম্বে এই বিষয়ে কঠোর ও দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
স্থানীয়দের দাবি, হাসপাতাল হচ্ছে মানুষের চিকিৎসাসেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান। সেখানে এমন অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিতে পারে। তাই দ্রুত জমে থাকা পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং নিয়মিত তদারকির দাবি জানান তারা।
এ বিষয়ে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিবের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh