
বিকাল বার্তা প্রতিবেদকঃ সিলেটের শাহপরাণ থানাধীন খাদিমপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র বাগানের খাস জমি দখল করে ভূয়া দলিলের মাধ্যমে বিক্রি করে আসছে। খাস জমি দখল ও বাগানের শ্রমিকদের জায়গা জোরপূর্বক উচ্ছেদের অভিযোগে এই চক্রের অন্যতম সদস্য মোজ্জামেল হোসেন লিটন (৩৮) কে এক বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় খাদিমপাড়ার ২ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে লিটনকে কারাদণ্ড প্রদান করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।
ইউএনও খোশনূর রুবাইয়াৎ জানান, লিটন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বাগানের খাস জমি দখল করে ভুয়া দলিলের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করছিলেন। একই সাথে তিনি বাগানের শ্রমিকদের জায়গা জোরপূর্বক দখল করে তাদের উচ্ছেদ করেন।
অভিযানে প্রমাণ পাওয়ার ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
Reporter Name 


















