
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থানায় প্রায় ২৫০ অতিথির সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নারী পুলিশ সদস্যদের জন্য ব্যারাক বাসস্থান এবং ইমাম-মুয়াজ্জিনদের আবাসন ব্যবস্থার শুভ উদ্বোধন করা হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রীতিভোজে প্রায় ২৫০ জন অতিথির খাবারের ব্যবস্থা করা হয়। অতিথিদের আপ্যায়নের পাশাপাশি পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মতবিনিময় আরও জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল বলেন, “ভাঙ্গা থানার এমন আন্তরিক আয়োজনের জন্য আমরা তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো থাকবে।”
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি।”
এ সময় আমন্ত্রিত অতিথিরা প্রীতিভোজে অংশ নিয়ে ভাঙ্গা থানার এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে।
Reporter Name 









