
মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিশিষ্ট বাউল শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ক্বারী বারেক বৈদেশীকে শেরপুরে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৯ জুন ২০২৬) রাত ৯টায় শেরপুর শহরের নিউ মার্কেটস্থ তথ্য ধারা হলরুমে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার বাউল শিল্পী, সংস্কৃতিকর্মী, সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মাদকমুক্ত মাজার, দরবার ও অশ্লীলতামুক্ত বাউল গান-ই আমাদের লক্ষ্য।” তারা বাউল সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ, সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার এবং তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে বাংলাদেশ বাউল সমিতির কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাউল সমিতি, শেরপুর জেলা শাখার আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোঃ হারুন জিলানী। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন জেলা শাখার সদস্য সচিব মোঃ হামিদুল সরকার।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম. রুকুনুজ্জামান উল্লাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আল আমিন খান এবং শেরপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আর এ সুমন। তারা ক্বারী বারেক বৈদেশীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন।
সংবর্ধিত অতিথি ক্বারী বারেক বৈদেশী তাঁর বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বাউল গানের প্রকৃত ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং নতুন প্রজন্মের কাছে এ সংস্কৃতির ইতিবাচক বার্তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ক্বারী বারেক বৈদেশীর হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে বাউল শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এই আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Reporter Name 









