
মোঃ মুজিবর রহমান মল্লিক, স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা মোঃ আবদুল্লাহ মোড়লের অকাল মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসাধীন অবস্থায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।
নিহত আবদুল্লাহ মোড়ল উপজেলার গদাইপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গদাইপুর ইউনিয়নের মৃত আপিল উদ্দিন মোড়লের ছোট ছেলে।
জানা গেছে, মোটরসাইকেলযোগে চলাচলের সময় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় একটি বাঁশ তার তলপেটে ঢুকে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সযোগে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেননি। শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহকর্মী, দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিহত আবদুল্লাহ মোড়লের জানাজার নামাজ ২৩ আগস্ট ২০২৬, রবিবার সকাল ৮টায় গদাইপুর মোহাম্মদীয়া দারুন কোরআন মাদ্রাসার চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মঠবাড়ী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমিনুল ইসলাম, গদাইপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও সিনিয়র জামায়াত নেতা আবদুল্লাহু আল মামুনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে পারিবারিক ও ধর্মীয় রীতি অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হয়।
আবদুল্লাহ মোড়লের আকস্মিক মৃত্যুতে গদাইপুর ইউনিয়নসহ পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
Reporter Name 









