
মোঃ মুজিবুর রহমান মল্লিক, স্টাফ রিপোর্টার: খুলনা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক আনুষ্ঠানিকভাবে খুলনা জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেছেন।
রোববার (২৩ আগস্ট ২০২৬) খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে যোগদানের উদ্দেশ্যে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণকালে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন বলে জানা গেছে। দায়িত্ব পালনে তিনি জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শেখ আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এম এম তারিক উল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সাহেদুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বিপ্লব কুমার নন্দী।
এ ছাড়া খুলনা জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদানের মধ্য দিয়ে খুলনা জেলা পুলিশের কার্যক্রমে নতুন গতি আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলা পুলিশের সদস্যরা।
Reporter Name 









