
প্রতিবেদক, তারেক ইসলাম: কুমিল্লায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। একই সময়ে অপর এক অভিযানে ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ারসহ মো. সিব্বির হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দড়িবট গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এরপর আজ ২৯ আগস্ট সকালে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২-এর একই ধরনের একটি বিশেষ আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় পরিচালিত এ অভিযানে মো. সিব্বির হোসেন (২৪)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সিব্বির হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহাপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। তার হেফাজত থেকে ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার সিব্বির দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানিয়েছে, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
Reporter Name 









