
মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় চোরচক্রের দুঃসাহস এখন তুঙ্গে। এবার দিনের আলোতেই এক স্বাস্থ্যকর্মীর বাড়িতে ঢুকে নগদ টাকাসহ সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৩ মে) উপজেলার হলদিবাড়ী এলাকায় আইসিডিডিআরবি-র স্বাস্থ্যকর্মী শাহিনুর বেগমের বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাহিনুর বেগম জানান, প্রতিদিনের মতো সকাল ৮টায় তিনি কর্মস্থলে যান। দুপুর ২টার দিকে বাড়ি ফিরে দেখেন প্রধান ফটকের তালা ভাঙা। ভেতরে ঢুকে আলমারি তছনছ করা অবস্থায় দেখতে পান তিনি। দুর্বৃত্তরা ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ২ হাজার টাকা, ৩ আনা ওজনের স্বর্ণের দুল, একটি সেলাই মেশিন ও ইন্ডাকশন ওভেন নিয়ে চম্পট দিয়েছে।
দিনের বেলা জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ঘটনার পরপরই কাউনিয়া থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ শিহাব উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। দিনের বেলা যারা এ ধরনের সাহস দেখিয়েছে, তাদের শনাক্ত করতে আমাদের টিম কাজ শুরু করেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
Reporter Name 

















