
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের চান্দের কান্দি এলাকায় বাঙ্গি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মহাসড়কের পাশের এই বিলে উৎপাদিত টাটকা বাঙ্গি কিনতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ক্রেতারা ভিড় করছেন।
জানা গেছে, এ বছর চান্দের কান্দি এলাকার বিলে ৭৫ জন কৃষক প্রায় ৮০ বিঘা জমিতে বাঙ্গি চাষ করেছেন। গত বছর একই মাঠে ৫০ বিঘা জমিতে বাঙ্গি আবাদ হয়েছিল। ভালো দাম ও লাভজনক হওয়ায় প্রতিবছরই বাড়ছে বাঙ্গি চাষের পরিমাণ। সফল ফলনের কারণে বিগত বছরগুলোতে কৃষকদের মুখে ছিল উপচে পড়া হাসি।
তবে চলতি মৌসুমে বাঙ্গি গাছে ও ফুলে ব্যাপক হারে ভাইরাস আক্রমণ দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। তারা আশঙ্কা করছেন, এতে উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। ইতোমধ্যে অনেক জমিতে গাছ হলুদ হয়ে যাওয়া ও ফুল ঝরে পড়ার মতো লক্ষণ দেখা গেছে।
কৃষকদের দাবি, দ্রুত কৃষি বিভাগের পরামর্শ ও কার্যকর পদক্ষেপ না নিলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে। তারা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ কামনা করেছেন।
স্থানীয়ভাবে বাঙ্গি চাষ লাভজনক হওয়ায় আগামী বছরগুলোতেও আবাদ আরও বাড়বে বলে আশা করছেন কৃষকেরা—তবে তা নির্ভর করছে চলতি মৌসুমের পরিস্থিতির ওপর।
Reporter Name 






















