
বরগুনা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর বরগুনা জেলার ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি বরগুনা পৌর মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা তৃণমূল পর্যায় থেকে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে বরগুনার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে অতীতে বিভিন্ন সময়ে মামলার শিকার হয়ে কারাবরণ করেছেন বলে জানান সানাউল্লাহ সানি। তিনি দাবি করেন, ১/১১ সময়কালসহ পরবর্তী রাজনৈতিক পর্বেও তিনি একাধিক মামলা ও হামলার সম্মুখীন হন।
বর্তমানে তিনি জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। বরগুনা পৌরসভা নিয়ে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
নির্বাচিত হলে তিনি পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ, নাগরিক সেবা সহজীকরণ, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার কথা জানান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন পৌর নির্বাচনে তরুণ নেতৃত্বের অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
Reporter Name 


















