
হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম আলু উৎপাদনকারী অঞ্চল জয়পুরহাটের কালাই উপজেলায় এখন আলুর ভরা মৌসুম। তবে ফলন ভালো হলেও মুখে হাসি নেই কৃষকের। বিশেষ করে উপজেলার উদয়পুর ইউনিয়নের আলু চাষিদের কপালে এখন চিন্তার ভাঁজ। বাজারে আলুর দাম আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়েই বিপাকে পড়েছেন তারা।
সরেজমিনে উদয়পুর ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা জমি থেকে আলু তুলছেন ঠিকই, কিন্তু বিক্রির সময় মিলছে না কাঙ্ক্ষিত দাম। গত কয়েক দিনের ব্যবধানে বাজারদর অনেকটা নিচে নেমে আসায় অনেক কৃষক এখন আলু মাঠেই ফেলে রাখছেন কিংবা লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
চাষিদের বক্তব্য
উদয়পুর ইউনিয়নের কয়েকজন কৃষক জানান, সার, বিষ, বীজ এবং শ্রমিকের মজুরি বাবদ এবার প্রতি বিঘা জমিতে যে পরিমাণ খরচ হয়েছে, বর্তমান বাজারমূল্যে সেই টাকা তোলাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা আক্ষেপ করে বলেন, “মাঠভরা আলু থাকলেও পকেটে টাকা নেই। মহাজনের ঋণ আর পরিবারের খরচ মেটানো এখন পাহাড় সমান দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে।
আশঙ্কা ও দাবি
কৃষকদের দাবি, সরকারিভাবে আলু সংগ্রহের ব্যবস্থা না করলে কিংবা বিদেশে রপ্তানির সঠিক উদ্যোগ না নিলে এই অঞ্চলের কয়েক হাজার কৃষক ঋণের জালে জড়িয়ে পড়বে।
তীব্র হাড়কাঁপানো শীত আর হাড়ভাঙা খাটুনির পর আলুর এই দরপতন উদয়পুর ইউনিয়নের সাধারণ কৃষকের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হয়ে এসেছে।
Reporter Name 






















