
স্টাফ রিপোর্টার: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ–২০২৫ এর গৌরবময় শিরোপা জয়ের পর দিনাজপুর জেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে দিনাজপুর সদর সমিতি, ঢাকা এবং আরজে লাইভ বেকারী এন্ড কুইক বাইটস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে খেলোয়াড়দের সাফল্যে গর্ব প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদরের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ফুটবল দলের কোচ শামীম আহমেদ এবং ম্যানেজার মাসুদ রানা।
বক্তারা বলেন, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় দিনাজপুর জেলার দীর্ঘদিনের ঐতিহ্য থাকলেও গত দুই দশক ধরে এ খাত অনেকটাই অবহেলিত ছিল। খেলাধুলার উন্নয়নের পরিবর্তে বিভিন্ন সময়ে দুর্নীতিই অগ্রাধিকার পেয়েছে বলে অভিযোগ করেন তারা। এ অবস্থার পরিবর্তনে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে এটিএন বাংলার চিফ রিপোর্টার হুমায়ুন চিস্তি তার বক্তব্যে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দান (বড় মাঠ) জনসাধারণের খেলাধুলা ও বিনোদনের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম খেলাধুলার সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দিনাজপুরের ক্রীড়াঙ্গনকে আবারো জাগিয়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে আগামী কয়েক মাসের মধ্যে একটি সুপরিকল্পিত রোডম্যাপ তৈরির জন্য ক্রীড়া সংগঠকদের প্রতি আহ্বান জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে দিনাজপুর জেলা দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাদের এই অর্জন ভবিষ্যতে দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Reporter Name 


















