
*কাউনিয়া ইফা অফিসে তালা: ধরা খেয়ে সুপারভাইজারের স্বীকারোক্তি ‘মিথ্যা বলেছি’
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়া উপজেলা ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল্লাহর বিরুদ্ধে। ঈদের ছুটি শেষ হওয়ার চার দিন অতিবাহিত হলেও অফিসটি রহস্যজনকভাবে তালাবদ্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। এমনকি সাংবাদিকদের প্রশ্নের মুখে ওই কর্মকর্তা পেশাগত কাজে মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন বলেও প্রমাণ পাওয়া গেছে।
রবিবার (৫ এপ্রিল) সকালে কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিসের প্রধান ফটকে তালা ঝুলছে। দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ ও ধর্মীয় শিক্ষকরা দাপ্তরিক কাজে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়মিত অফিসে আসেন না এবং নিজের ইচ্ছামতো অফিস পরিচালনা করেন। গত দুই-তিন দিন ধরে অফিসে এসে কাউকেই খুঁজে পাওয়া যায়নি বলে জানান সেবা নিতে আসা মোখছেদ আলী নামের এক ব্যক্তি।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সংশ্লিষ্ট ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কার্যালয়ে উপস্থিত হন। অফিস বন্ধ থাকার বিষয়ে তিনি প্রথমে জানান, কেয়ারটেকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চাবি না পাওয়ায় অফিস খোলা সম্ভব হয়নি। তবে কেয়ারটেকার শহিদুল ইসলাম জানান, স্যারের কাছে আলাদা চাবি থাকা সত্ত্বেও তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
এদিকে নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় উপস্থিত হওয়ার কারণ জানতে চাইলে মো. আব্দুল্লাহ দাবি করেন, তিনি কুশা ইউনিয়নের একটি কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু কেন্দ্র শিক্ষকের ফোন নম্বর চাইলে তিনি নিজ মুখে স্বীকার করেন, “আমি মিথ্যা বলেছি, আমার বাইক নষ্ট হওয়ায় দেরি হয়েছে।”
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন রংপুর জেলার ফিল্ড অফিসার জিয়াউর রহমান বলেন, “আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কাউনিয়া উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা অংকন পাল জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে এমন খামখেয়ালিপনা ও মিথ্যাচার কাম্য নয়। তারা দ্রুত এই কর্মকর্তার অপসারণ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
Reporter Name 


















