
অসিত চক্রবর্তী : পোস্তগোলা থেকে নদীর পাড় হয়ে গাবতলী বা শ্যামবাজারগামী এই সড়কটি রাজধানীর দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত রুট। কিন্তু বর্তমানে এই গুরুত্বপূর্ণ পথটির অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াত প্রায় থেমে যাচ্ছে।
মেলবারেক ব্রিজ থেকে নামার পরই চোখে পড়ে বাস্তব পরিস্থিতি বাম পাশে ১০–১৫ ফিট জায়গা জুড়ে স্থায়ী রিক্সার গ্যারেজ। শ্যামবাজার–গেন্ডারিয়া আড়ত পর্যন্ত টানা এই দখলদারি সড়কটিকে সংকুচিত করে ফেলেছে। সাধারণ যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হওয়ায় রাস্তা প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি করছে।
এর সঙ্গে আছে নদীপথের বিভিন্ন অংশে নতুন নতুন দখল, যা সড়কের ওপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। হাঁটতে এসে পথচারী আটকে যাচ্ছে, রিক্সা-ভ্যান, পণ্যবাহী ট্রলি, স্কুল-কলেজগামী শিক্ষার্থী সবাই একই জটের শিকার। জরুরি সেবার গাড়িগুলোকেও প্রায়ই থমকে যেতে দেখা যায়, যা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
স্থানীয়দের ভাষায়, এই রাস্তায় দখল যেন নিত্যদিনের নিয়মে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে এই পরিস্থিতি চলতে থাকলেও কার্যকর কোনো স্থায়ী পদক্ষেপ দেখা যাচ্ছে না।
মানুষের দাবি এখন একটাই
অবৈধ রিক্সা গ্যারেজসহ সব দখল দ্রুত সরিয়ে সড়কটিকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হোক।
এই সড়ক সচল না হলে পুরো এলাকার জীবনযাত্রাই বাধাগ্রস্ত হয়ে পড়বে বলে মনে করছেন সাধারণ মানুষ।
Reporter Name 


















