
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রংপুরের কাউনিয়া উপজেলায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
মঙ্গলবার দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়। বর্ষবরণের অংশ হিসেবে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও আলু ভর্তার আয়োজন উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির আদি সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর শুরু হোক নতুন প্রত্যয়ে। সকল ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির কাউনিয়া গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
Reporter Name 


















