
মোঃ মেহেরাজ ইসলাম (বগুড়া সদর প্রতিনিধি) বগুড়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জামাল (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কক্সবাজার থেকে জয়পুরহাটগামী ‘এস.আই এন্টারপ্রাইজ’ নামীয় যাত্রীবাহী কোচ (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৭০৪১)-এর G-1 সিটে বসা এক টিকিটবিহীন যাত্রীর দেহ তল্লাশি করে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো সাদা রঙের জিপারযুক্ত দুটি পলিপ্যাকেট, যার ভেতরে কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত মোঃ জামাল কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ইসলামপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মোশারফ হোসেন।
এ ঘটনায় বগুড়া সদর থানায় পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ মাদক চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
Reporter Name 


















