
মন্জুরুল আহসান শামীম,স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই শিরোপা নির্ধারণী ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে বালক ও বালিকা—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শহীদবাগ ক্ষুদ্রভূতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব সফিকুল আলম সফি, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া সুলতানা, কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ এবং বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনার আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য। এটি কেবল শরীর গঠনই নয়, বরং শৃঙ্খলা ও নেতৃত্ব শেখায়।” তিনি শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক অনুশাসন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, “মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়তে হলে তৃণমূল পর্যায়ে খেলাধুলার এই ধারা অব্যাহত রাখতে হবে।”
দিনের প্রথম ম্যাচে বালিকা বিভাগে মুখোমুখি হয় কুর্শা ইউনিয়নের পশ্চিম শিবু বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদবাগ ক্ষুদ্রভূতছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। একপেশে লড়াইয়ে পশ্চিম শিবু বটতলাকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা জয় করে ক্ষুদ্রভূতছড়া। অন্যদিকে, বালক বিভাগের শ্বাসরুদ্ধকর ফাইনালে বালাপাড়া আরজি হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়-কে ২-১ গোলে হারিয়ে দ্বিমুকুট জয়ের উল্লাসে মাতে শহীদবাগ ক্ষুদ্রভূতছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলাররা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী শিক্ষা অফিসার মোঃ রঞ্জু আলম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আশফিকা বুলবুলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
Reporter Name 


















