
✍️ মোঃ মানিক হোসাইন,সিনিয়র রিপোর্টার (বিশেষ প্রতিনিধি)
নীলফামারী সদর উপজেলার চাপড়া কাছারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠ সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে শেষ ঘণ্টার ক্লাস বর্জন করে তারা শান্তিপূর্ণভাবে মাঠে জড়ো হয়ে তাদের ন্যায্য দাবি তুলে ধরে।
শিক্ষার্থীরা অভিযোগ করে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠটি সংস্কারের অভাবে খেলার অযোগ্য হয়ে পড়েছে। অসমতল জমি, পানি জমে থাকা এবং বিভিন্ন স্থানে গর্ত থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে শুধু খেলাধুলা নয়, ক্রীড়া শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীরা আরও জানায়, বিষয়টি একাধিকবার বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা ক্লাস বর্জনের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকরাও শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন, যা আন্দোলনকে আরও জোরালো করে তোলে। শিক্ষকরা মনে করেন, একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে উন্নত স্কুল মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংক্ষিপ্ত বক্তব্যে সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন ও আকলিমা বেগম বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত মাঠ থাকা অপরিহার্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি।
শিক্ষার্থীদের পক্ষ থেকে নবম শ্রেণির মুহিন ইসলাম, অষ্টম শ্রেণির ইসরাত জাহান এবং সপ্তম শ্রেণির সৈকত ইসলাম বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। একটি ভালো মাঠ আমাদের অধিকার।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
Reporter Name 


















