
জকিগঞ্জ (সিলেট)প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়নে বৃহস্পতিবার (১৪ মে) সকালে জকিগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে খাল ভরাট, দখল ও নাব্যতা সংকটের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বাড়ছে। এতে কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন পানি প্রবাহ স্বাভাবিক হবে, অন্যদিকে কৃষি সেচ ও মৎস্যসম্পদ উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।সভায় বিশেষভাবে বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশে বজ্রপাতে প্রাণহানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। তালগাছ বজ্রপাত নিরসনে কার্যকর ভূমিকা রাখে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। এ কারণে রাস্তার পাশে, খোলা মাঠে ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তালগাছ রোপণের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি নারিকেলগাছসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা সরকারের এ কার্যক্রমকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী উদ্যোগ হিসেবে উল্লেখ করে আন্তরিকভাবে স্বাগত জানান।
সভায় দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে খাল খনন কমিটি গঠন, সম্ভাব্য খালগুলোর তালিকা প্রস্তুত এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব সভায় নোট করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও জকিগঞ্জ প্রেসক্লাবের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এতে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাল পুনঃখনন ও ব্যাপক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 


















