
মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের সুরেশনগর গ্রামে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে ৬৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
জব্দকৃত মদগুলো ছিল ‘AC Black’ ব্র্যান্ডের, প্রতিটি বোতলের পরিমাণ ৪৭৫ মিলিলিটার।মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টার মধ্যে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম, যাদের গোয়েন্দা সহায়তা প্রদান করে এনএসআই-এর একটি বিশেষ দল।
অভিযানের সময় সুরেশনগর গ্রামের একটি নির্দিষ্ট বসতঘরে তল্লাশি চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোতলগুলো ঘরের একটি কক্ষে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে এনএসআই-এর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপরাধীদের চিহ্নিত করতে তদন্তও চলছে।
স্থানীয়রা জানান, মাদকবিরোধী এই যৌথ অভিযান এলাকায় স্বস্তির পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করেছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসনের এমন তৎপরতা প্রশংসনীয় বলে মনে করছেন তারা।
Reporter Name 
























