
মো: শুকুর আলী, স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষরিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আব্দুল হক, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মুঈনুদ্দিন সুহেল, রেজাউল হক, আকবর আলী, আ.ত.ম. মিসবাহ, অ্যাডভোকেট শেরেনুর আলী, নাসিম উদ্দিন লালসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন সাড়ে সাত কোটি মানুষ সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় স্বাধীনতা ও লাল-সবুজের সার্বভৌম বাংলাদেশ।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যেখানে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে জনগণ সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।”
বিজয়ের মাসে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সর্বস্তরের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে এলাকার সার্বিক অবকাঠামো উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবেন।
Reporter Name 






















