
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আইন লঙ্ঘনের অভিযোগে ওই দুই ইটভাটা থেকে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের ‘এম রহমান ইটভাটা’ এবং আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের ‘সুফিয়া ব্রিক্স’ নামের দুটি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত শর্ত পূরণ না করায় এ জরিমানা করা হয়।
এ সময় এম রহমান ইটভাটার মালিক আব্দুর রহমানকে এক লাখ টাকা এবং সুফিয়া ব্রিক্সের মালিক সাইদুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে দুই ইটভাটার মালিককে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 






















