
স্টাফ রিপোর্টার: ঢাকা-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা মির্জা আব্বাস সোনালী ব্যাংক কর্মচারী নিবাসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। সভায় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
মতবিনিময় সভায় মির্জা আব্বাস বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন। তিনি বলেন, “স্বৈরাচারী সরকারের শাসনামলে আমরা নির্যাতন, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের শিকার হয়েছি যা দেশবাসী প্রত্যক্ষ করেছে।” তিনি ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, “জননেতা মির্জা আব্বাসকে বিজয়ী করতে আমরা মাঠে আছি এবং থাকবো। এ বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।”
এ সময় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সিরাজ আহমেদ বলেন, নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
Reporter Name 


















