
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শীতের কুয়াশাচ্ছন্ন রাতকে কাজে লাগিয়ে মহাসড়ক ও বিভিন্ন এলাকায় গাছ কেটে সড়কে ফেলে ডাকাতি ও চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এতে করে যানবাহন চালকসহ স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা–ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ফিল্টার রোডসংলগ্ন চান্দ্রা ইউনিয়নের সরিলদিয়া এলাকাসহ আশপাশের এলাকায় সংঘবদ্ধ ডাকাত চক্র গভীর রাতে সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে নির্বিঘ্নে লুটপাট চালাচ্ছে। শীতের কুয়াশার কারণে দূরের কিছু দেখা না যাওয়ায় এসব ডাকাত দল সহজেই তাদের অপরাধ সংঘটিত করতে পারছে।
এলাকাবাসীর অভিযোগ জানান, পুলিশ ধাওয়া দিলে ডাকাতরা এলাকা পরিবর্তন করে আবার অন্য স্থানে একই কৌশলে অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে পুরো অঞ্চলে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা দ্রুত অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা, ঝুঁকিপূর্ণ স্থানে স্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন, নিয়মিত রাত্রীকালীন টহল জোরদার এবং সড়ক আলোকায়নের দাবি জানিয়েছেন।
ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে, ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত এ উপজেলায় মোট ৬টি ডাকাতি ও ৫টি দস্যুতা মামলা রুজু হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি এখনও ক্লুলেস রয়েছে। এ পর্যন্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, অপরাধ দমনে পুলিশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।
Reporter Name 






















