
অসিত চক্রবর্তীঃ “একতার এক বছর সত্যের পথে, ঐক্যের বন্ধনে”এই প্রেরণাদায়ী স্লোগানকে সামনে রেখে পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের প্রথম বর্ষপূর্তি ও সম্মাননা অনুষ্ঠান গেন্ডারিয়ার লোহারপুলে অবস্থিত জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এক অনন্য, বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশ, আলো-ঝলমলে মঞ্চসজ্জা ও সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মরণীয় মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ. এম. জাকির হোসেন, চেয়ারম্যান, সচেতন ফাউন্ডেশন এবং সম্পাদক ও প্রকাশক, দৈনিক সমাজসেবা। সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম জমাদ্দার মিলন, সভাপতি, জাতীয় সাংবাদিক ক্লাব। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা ও গুরুত্বকে বহুগুণে বৃদ্ধি করে।
অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন দেবাশীষ মজুমদার ও তারেক ইসলাম। সার্বিক তত্ত্বাবধান ও সুচারু পরিচালনায় ছিলেন অসিত চক্রবর্তী, সঞ্জয় মোদক, অনিক ইসলামসহ পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা, যাঁদের নিরলস প্রচেষ্টায় আয়োজনটি হয়ে ওঠে নিখুঁত ও সফল।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এক ভাবগম্ভীর ও ঐতিহ্যবাহী পরিবেশের সৃষ্টি হয়। এরপর পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মরহুম আবদুর রহমান ভুঁইয়া-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, গুরুত্বপূর্ণ অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সাংবাদিকতা, সমাজসেবা ও ব্যবসা খাতে বিশেষ অবদান রাখায় বিশিষ্টজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের অগ্রযাত্রায় ভূমিকা রাখা পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি গৌরব যোগ করে।
বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাই সমাজে সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। তাঁরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাব আগামীতেও আপসহীন সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের দর্পণ হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের সম্মানে রুচিসম্মত আপ্যায়নের আয়োজন করা হয়।
Reporter Name 






















