
হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :
শিবগঞ্জ, গত শনিবার দাড়িদহ হাটে কোয়েল পাখি বিক্রি করতে এসে প্রতারক চক্রের শিকার হয়ে সাইকেল হারানো কৃষ্ণপুর ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র রিফাতের পাশে দাঁড়িয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ময়দানহাট্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম মানিক।
আজ (মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫) বিকেলে মাহাবুব আলম মানিকের পক্ষ থেকে ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু এবং বিএনপি নেতা রাসেল মাহমুদ সবুজ রিফাতের হাতে সাইকেল কেনার জন্য নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
উল্লেখ্য, রিফাত তার কোয়েল পাখি বিক্রির টাকায় নতুন একটি সাইকেল কেনার স্বপ্ন দেখছিল। কিন্তু হাটে এসে প্রতারকদের খপ্পরে পড়ে সে তার শেষ সম্বল সাইকেলটিও হারায়। এমন পরিস্থিতিতে মাহাবুব আলম মানিকের এই মানবিক উদ্যোগে এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেছেন। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা, আর বিএনপি নেতা মানিক সেই কাজটিই করেছেন।
Reporter Name 






















