
এসএম গোলাম কিবরিয়া,বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর প্রাইমারি স্কুলের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
রোববার(০৩আগষ্ট)বিকাল ৫টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ৪জন মোটরসাইকেল আরোহী ও একজন সিএনজি অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২টি দ্রুতগতির মোটরসাইকেল ঢাকা অভিমুখী ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ধাক্কা এতটাই ভয়াবহ ছিল যে, দুটি যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে সড়কে পড়ে মারাত্মকভাবে আহত হন। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে হাসপাতালে নিলে সেখানেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত ও নিহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কের এ অংশে প্রায়ই বেপরোয়া গতির যান চলাচল করে। বিশেষ করে স্কুল-কলেজ এলাকায় কোনো গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে। দ্রুত এই এলাকায় স্পিডব্রেকার, ট্রাফিক চৌকি ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Reporter Name 






















