
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি কলাবাগান থেকে উদ্ধার হওয়া পোড়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি নওগাঁ সদর উপজেলার শৈলগাছী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ছামছুর আলী খলিফা (৬০)।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আক্কেলপুরের তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগানে বস্তাবন্দী ও দগ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। রাতেই স্বজনেরা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। বুধবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে নিহতের স্ত্রী রাশেদা বেগম ও ছেলে রাসেল খলিফা পলাতক রয়েছেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মুজাহিদ খলিফা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় নিহত ছামছুরের স্ত্রী রাশেদা বেগম ও ছেলে রাসেল খলিফাকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও দুই–তিনজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে ছামছুর আলীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। প্রায়ই তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হতো।
চলতি বছরের ১২ জুলাই সকাল ৬টার দিকে মা-ছেলে মিলে ছামছুর আলীকে লাঠিপেটা করেন। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পর থেকেই আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার পর থেকে ছামছুর আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগান থেকে তাঁর পোড়া লাশ উদ্ধার করে পুলিশ।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিন্নাহ আল মামুন বলেন,
“লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
Reporter Name 






















