
এস এম রনি, সাতক্ষীরা : দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শনিবার বেলা ১১টায় শহরের নিউ মার্কেট চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের বর্তমান সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, বেলাল হোসাইন, ফরিদ আহমেদ ময়না, মশিউর রহমান ফিরোজ, এস এম বিপ্লব হোসেন, মুনছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইমরান হোসেন, আমিনুর রহমান, ইদ্রিস আলী, জাহিদুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, পুলিশের নিষ্ক্রিয়তায় আজকে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি হয়েছে। পুলিশ জনগণের টাকায় বেতন নিচ্ছে অথচ সেবা দিতে পারছে না। জুলাই অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম পুলিশের স্বভাব বদলাবে কিন্তু একটুও বদলায়নি। এখনো তারা ঘুষ খাচ্ছে, নানা অনিয়ম দুর্নীতি করছে। বক্তারা এসময় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার দাবি করেন। একই সাথে গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















