
ইমরান সরকার :-উত্তরাঞ্চলের জনপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়া-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১২ই আগস্ট, মঙ্গলবার, পলাশবাড়ী প্রেসক্লাবে কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে এই বিশেষ দিনটি উদ্যাপন করা হয়ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিক। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা। সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নানা ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক ঝুঁকির মধ্য দিয়ে যেতে হয়। এরপরও সাংবাদিকরা সাহসের সাথে সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অসংগতি তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা অনেক সময় রাজনীতিবিদরাও করতে পারেন না। এমন সাহসী ভূমিকার জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।
ড. সাদিক আরও বলেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সর্বপ্রথম উন্মোচন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলোকে পুনরায় চালু করার সুযোগ দেন। পরে বেগম খালেদা জিয়ার আমলে বেসরকারি টিভি চ্যানেলগুলোর সূচনা হয়। তিনি সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন, সাংবাদিক হওয়া সহজ হলেও এর দায়িত্ব পালন করা কঠিন। তিনি সকল সাংবাদিককে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক করতোয়া পত্রিকার পলাশবাড়ী প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকর রহমান রিপন সহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত সকল বক্তা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Reporter Name 






















