
কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজার টমটম চালক কল্যাণ সমিতির চালকরা বৈধ লাইসেন্সের দাবিতে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফর রহমান কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
চালকরা জানান, দীর্ঘ এক যুগ ধরে কক্সবাজার শহরে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করলেও লাইসেন্স সিন্ডিকেটের কারণে তারা বৈধ লাইসেন্স থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে প্রতিদিন ২০০ টাকা লাইসেন্স ভাড়া দিয়ে গাড়ি চালাতে হয়। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ট্রাফিক পুলিশের জরিমানার ফাঁদে পড়তে হয়, যা দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত গুনতে হয়।
তাদের অভিযোগ, জুলাই বিপ্লবের পর লাইসেন্স সিন্ডিকেট নিষ্ক্রিয় থাকলেও আবারও সক্রিয় হয়ে নানা কৌশলে লাইসেন্স নিয়ন্ত্রণ করছে। এতে সাধারণ চালকরা বঞ্চিত হচ্ছেন, অথচ কিছু প্রভাবশালী ব্যক্তি একক নামে ৫ থেকে ১০টি লাইসেন্স নিয়েছেন।
এর আগে ২০ জুলাই কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক এবং পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে ৩ আগস্ট গণস্বাক্ষরসহ পুনরায় আবেদন করা হলেও কোনো সমাধান মেলেনি।
চালকরা সাবেক এমপি কাজলের কাছে ডেটাবেইজ অনুযায়ী প্রকৃত মালিকদের লাইসেন্স প্রদানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
Reporter Name 






















