
বরগুনা জেলা প্রতিনিধি “‘
বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে জোরপূর্বক চাষাবাদের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, একই গ্রামের মোল্লা ও মুসল্লী পরিবার দেড় শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহনেওয়াজ মুন্সীর জমিতে প্রবেশ করে ধানের বীজ নষ্ট করে এবং জোরপূর্বক চাষাবাদের চেষ্টা চালায়। এ সময় মুন্সী পরিবার থানার সহায়তা নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শাহনেওয়াজ মুন্সী বলেন, “জমিটি আমাদের পরিবার ১৯৪২ সালে নিলামে ক্রয় করে। এর পর থেকে দীর্ঘ ৮৩ বছর ধরে আমরা ভোগদখলে আছি। আদালত প্রতিপক্ষকে নিষেধাজ্ঞা দিয়েছেন যে যার অবস্থানে আছেন সেই অবস্থানে থাকতে হবে। কিন্তু তারা তা মানছেন না এবং আমাদের ফসল নষ্ট করেছেন।”
এ ঘটনায় মুন্সী পরিবার দ্রুত বিচার আইনে ২০ জনকে আসামি করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “মামলা রেকর্ড করা হয়েছে। কয়েকজন আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
প্রতিপক্ষ মোল্লা ও মুসল্লী পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য জানা যায়নি।
Reporter Name 


















