
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে সোমবার বিকেলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নারী-পুরুষসহ হাজারো দর্শকের উপস্থিতিতে বিলজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এই নৌকা বাইচের আয়োজন করে আলগী ইউনিয়নবাসী। প্রতিযোগিতায় ভাঙ্গা ও আশপাশের এলাকা থেকে ১২টি নৌকা অংশ নেয়। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট সমাজসেবক ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ৪টি রেফ্রিজারেটর, ৪টি এলইডি টেলিভিশনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার জয় করে আসফরদী ওদুদ কাজির নৌকা, দ্বিতীয় পুরস্কার মান্নান মিয়ার নৌকা এবং তৃতীয় পুরস্কার বাবুল মিয়ার নৌকা। এ ছাড়া অংশ নেওয়া সব নৌকাকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থপতি মুজাহিদ বেগ বলেন, “নৌকা বাইচ হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের প্রতীক। এ আয়োজনের মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি টিকে থাকবে। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে আমি সর্বাত্মক সহযোগিতা করব।” তিনি আলগীবাসীকে ধন্যবাদ জানিয়ে “লাভ ইউ” বলেন।
নৌকা বাইচকে ঘিরে ঝালডাঙ্গা বিল ও আশপাশের এলাকায় মেলার আমেজ ছড়িয়ে পড়ে। শতাধিক দোকান বসে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। দর্শকরা ছোট-বড় নৌকা নিয়ে ভিড় জমায়। ফলে বিলের দুই পাড় ও পাশের রেললাইন জনসমুদ্রে পরিণত হয়।
আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপরতা বজায় রাখেন।
Reporter Name 






















