
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার ভাঙ্গায় মহাসড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙ্গার ছয়টি স্থানে আন্দোলন চলার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকে। এতে দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগও প্রায় অচল হয়ে পড়ে।
বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং স্লোগান দেন: “নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা ভাঙ্গা।”
বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার আতাদী এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে হলেন—জাহিদুল (২২), মোঃ সুজন মাতুব্বর (৩২) ও সাব্বির (২০)। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে উত্তেজিত জনতা ঢাকাগামী একটি ইলিশ পরিবহনের বাস ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ঘটায়।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সকলকে শান্ত থাকার আহ্বান জানান। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অবরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
Reporter Name 






















