
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভাঙ্গা উপজেলা বিএনপি।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভাঙ্গা ইন্টারচেঞ্জ ফ্লাইওভারের নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে সমবেত হন।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হাজী ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। তিনি বলেন, “ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে কর্তন করে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা চাই ফরিদপুর-৪ এর সীমানা অটুট থাকুক। বাংলাদেশের মডেল উপজেলা ভাঙ্গাকে অঙ্গচ্ছেদ করে শান্ত পরিবেশকে অশান্ত করবেন না।”
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ, যুগ্ম সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক তৈমুর লং, প্রচার সম্পাদক মির্জা ইমরানসহ কৃষকদল ও যুবদলের নেতৃবৃন্দ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, বিএনপির কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
Reporter Name 


















