
মোঃরিপন শেখ ভাংগা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে দেশীয় অস্ত্র হাতে কিশোর ও তরুণদের মহড়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় চার কিলোমিটার নদীপথজুড়ে অন্তত ২০টি স্পিডবোট ও অর্ধশতাধিক ট্রলারে মহড়া চালায় তারা। এ সময় কিছু স্পিডবোট থেকে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাখালি, চণ্ডীদাসদী, আতাদী ও পূর্ব সদরদী এলাকায় এ মহড়ার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নদীপাড় এড়িয়ে চলতে শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শত বছর ধরে বিশ্বকর্মা পূজার দিন কুমার নদে নৌকা বাইচের আয়োজন করা হতো। ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার পর এ আয়োজন বন্ধ হয়ে যায়। ২০০৯ সালে আবার চালু হলেও রাজনৈতিক কারণে ২০১৮ সাল থেকে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কিশোর ও তরুণরা নিজ উদ্যোগে নদীতে উৎসব পালন করলেও এবারই প্রথম অস্ত্রের মহড়া ধরা পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্পিডবোট ও ট্রলারে উচ্চস্বরে গান বাজিয়ে কিশোরগ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র প্রদর্শন করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
ওসি মো. আশরাফ হোসেন বলেন, “অস্ত্র মহড়ার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, নৌপথে নিয়মিত টহল জোরদার করা হবে। পাশাপাশি কিশোরদের এ ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে সম্পৃক্ততা রোধে অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, কিশোরদের এমন মহড়া চলতে থাকলে নদীপথে চাঁদাবাজি ও সংঘর্ষের ঘটনা বাড়তে পারে। তারা দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।
Reporter Name 


















