
মোঃ রিপন শেখ ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের আলগী ও হামিরদী ইউনিয়নের জনগণের আন্দোলনের প্রেক্ষিতে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সেনা কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে আগামী ১০ কার্যদিবসের মধ্যে এ দুটি ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত হবে।
রবিবার আলগী ও হামিরদীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তারা এ আশ্বাস প্রদান করেন। এ সময় তারা চলমান শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন— এ আন্দোলন ন্যায়সঙ্গত ও যৌক্তিক।
কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কোনো মামলায় কাউকে হয়রানি করা হবে না। বিশেষ করে থানাভাঙচুর মামলায় যদি কোনো নিরপরাধ ব্যক্তি আসামি হয়ে থাকেন, তবে তা যথাযথভাবে খতিয়ে দেখা হবে। মামলায় প্রকৃতভাবে যারা জড়িত তাদের শনাক্তকরণের জন্য ভিডিও ফুটেজ বিশ্লেষণ চলছে।
জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে ডিসি, এসপি ও সেনা কর্মকর্তারা বলেন, আগামী ১০ কার্যদিবসের মধ্যেই এ ইউনিয়ন দুটি ফরিদপুর-৪ আসনে যুক্ত হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা, নির্বাচন কমিশনার ও সচিববৃন্দ ইতোমধ্যে অবগত আছেন।
Reporter Name 






















