
পঞ্চগড় জেলা প্রতিনিধি :
মোহাম্মদ মাহাবুব আলম।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা গ্রামের নিরীহ কৃষক মোঃ আব্দুল কুদ্দুসকে ষড়যন্ত্র করে অস্ত্র ও মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপাতিলা এলাকার মৃত দবির উদ্দীনের পুত্র মোঃ আব্দুল কুদ্দুস (৩০) একজন সৎ, পরিশ্রমী ও আদর্শ মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। পৈত্রিক সম্পত্তি নিয়ে তার চাচা মোঃ সামছুল আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে সামছুল আলম একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।
মোঃ আব্দুল কুদ্দুস প্রতিকার চেয়ে আদালতে বাটোয়ারা মামলা (নং–২১/২০২৫) দায়ের করলে আদালত তার পক্ষে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। এরপর থেকেই সামছুল আলম কুদ্দুসকে সামাজিকভাবে হেয় ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সামছুল আলম তার সহযোগীদের নিয়ে কুদ্দুসের বাড়ির বাউন্ডারির বাইরে খড়িঘরের মাটির নিচে দেশীয় তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেনসিডিল পুঁতে রাখেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গোপনে খবর দেন। পরে ২৭ অক্টোবর ২০২৫ তারিখে অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করে মামলা দায়ের করেন।
গ্রামবাসীরা বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ঘটনা। আব্দুল কুদ্দুস একজন নিরীহ কৃষক; তিনি কখনো মাদক বা বেআইনি অস্ত্রের সঙ্গে জড়িত ছিলেন না। একজন সৎ ও পরিশ্রমী মানুষকে ফাঁসানোর এ অপচেষ্টা ঘৃণ্য ও মানবতাবিরোধী বলে মন্তব্য করেন তারা।
ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ষড়যন্ত্রকারী মোঃ সামছুল আলমের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Reporter Name 






















