
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে ট্রেনে কাটা পড়ে মিলি আক্তারী (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আনোয়ার কাজীর স্ত্রী।
নিখোঁজের একদিন পর মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বাড়ির পাশের রেললাইনের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে রেল পুলিশ।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে বালিয়া গ্রামের রেল ব্রিজের সামনে রেললাইনের পাশে মিলি আক্তারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কোনো দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গ্রামের পুলিশ রোজিনা বেগম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন আগে আনোয়ার কাজীর মেয়ে একই এলাকার এক যুবকের প্রলোভনে ঘর ছেড়ে চলে যায়। পরে থানায় পুলিশ সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করে।
গত সোমবার (৩ নভেম্বর) সকালে মেয়ে প্রাইভেট পড়তে গেলে মা মিলি আক্তারীও তার সঙ্গে যায়। পরে মেয়ে মাকে ফাঁকি দিয়ে পুনরায় ওই যুবকের সঙ্গে চলে যায়। এরপর থেকেই মিলি আক্তারী নিখোঁজ ছিলেন।
রেল পুলিশের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। সকাল ৮টার দিকে খুলনা থেকে ঢাকাগামী জাহানারা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা মনে হলেও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
Reporter Name 






















