
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চারজন। তারা হলেন—আ. কাইয়ূম খান সোহাগ, ডা. মাহতাব উদ্দিন, সৈয়দ এম নাঈম এবং মো. বেল্লাল হোসেন।
এ আসনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও হেভিওয়েট প্রার্থী নুরুল ইসলাম মনি এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. সুলতানা আহমেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এনসিপির চার প্রার্থী। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে পরিচিত আ. কাইয়ূম খান সোহাগ।
৫ আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর তরুণদের ব্যাপক জাগরণে নিজেদের সম্ভাবনা আরও উজ্জ্বল দেখছেন কাইয়ূম খান। তিনি বিশ্বাস করেন, ‘তরুণদের প্রতিনিধিত্ব’ এই নির্বাচনের মূল শক্তি হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর আইন পেশায় যুক্ত হন কাইয়ূম খান। এলাকায় তিনি সমাজসেবী ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। প্রাজক ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে কাজ করছেন।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের পাথরঘাটা উপজেলা শাখার একজন উপদেষ্টা তিনি। এছাড়া শিক্ষা উন্নয়নে ভূমিকার জন্যও স্থানীয়দের কাছে সমাদৃত কাইয়ূম খান তরুণ শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রদানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী হিসেবে সক্রিয়। সম্প্রতি তিনি পাথরঘাটা কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হন।
তীক্ষ্ণ মেধা, যুক্তিবাদী চিন্তা, মিষ্টভাষী স্বভাব এবং সহজ-সরল মিশুক আচরণের কারণে তিনি যুবসমাজের কাছে বেশ জনপ্রিয়। একসময় ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত থাকলেও পরবর্তীতে মানবিক ও সামাজিক সংগঠনে বেশি সক্রিয় হন। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় মানব উন্নয়ন ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গত জুলাইয়ের আন্দোলনে ঢাকায় রাজপথে সক্রিয় অংশগ্রহণ করে ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে’ অবস্থান নেন।
বর্তমানে তিনি এনসিপির পাথরঘাটা উপজেলা প্রধান সমন্বয়কারী এবং বরগুনা জেলা সংগঠনের একজন সক্রিয় নেতা হিসেবে কাজ করছেন।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বরগুনা-২ আসনে কাইয়ূম খান সোহাগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে—তরুণদের উচ্ছ্বাস আর পরিবর্তনের আকাঙ্ক্ষায় তার সম্ভাবনা নতুন করে নজর কাড়ছে।
Reporter Name 


















