
স্টাফ রিপোর্টার- তানজিল হোসেন: ভোলার দৌলতখান উপজেলায় পোল্ট্রি খাতকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। পোল্ট্রি ব্যবসায়ীদের স্বার্থসংরক্ষণ, খামারিদের সমস্যা সমাধান এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে মো. জহিরুল হক সুমনকে সভাপতি এবং মো. ইসমাইলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা ও খামারিদের সঙ্গে নিবিড় যোগাযোগের ভিত্তিতে তাদের ওপরই আস্থা রেখেছেন সভায় উপস্থিত পোল্ট্রি ব্যবসায়ীরা।
বুধবার (২৬ নভেম্বর) দৌলতখান উপজেলার পোল্ট্রি ব্যবসায়ীদের উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার খামারিরা তাদের বিভিন্ন সমস্যা, বাজার ব্যবস্থাপনা, খাদ্যের দাম বৃদ্ধি, রোগ প্রতিরোধ ব্যবস্থা, ঔষধ সরবরাহ এবং সরকারি সহযোগিতা–সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করেন। আলোচনার শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. মোসলেউদ্দিন হুজুর, সহ-সভাপতি মো. নাজিম, মো. হেলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজান মুন্সী, কোষাধ্যক্ষ মো. কালু খলিফা, প্রচার সম্পাদক মো. হাবিব, দপ্তর সম্পাদক মো. আল-আমিন, নির্বাহী সদস্য মো. তানভির, মো. সুজন, মো. আব্দুর রব, মো. লিটন, মো. বাবুল, মো. জাহাঙ্গীর ও মো. সোহাগ।
সভায় নবনির্বাচিত সভাপতি মো. জহিরুল হক সুমন বলেন, “পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী করতে খামারিদের পাশে থেকে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। খাদ্য সংকট, বাজার ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে এসোসিয়েশন কাজ করবে।”
সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, “নতুন কমিটি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। খামারিদের যেকোনো সমস্যা দ্রুত সমাধান করার জন্য আমরা সদা প্রস্তুত।”
পোল্ট্রি এসোসিয়েশনের নেতারা জানান, ভবিষ্যতে তারা প্রশিক্ষণ কর্মশালা, সচেতনতা সভা এবং সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর মাধ্যমে দৌলতখানের পোল্ট্রি খাতকে আরও এগিয়ে নিতে চান।
Reporter Name 


















