
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পৃথক হয়ে নবগঠিত ফরিদপুর–২ আসনে যুক্ত হওয়ায় এলাকায় নতুন রাজনৈতিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতায় আজ রবিবার আলগী ইউনিয়নের পীরেরচর হাই স্কুল মাঠে পথসভা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক ও দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতার আগমনে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ফরিদপুর–৪ থেকে ফরিদপুর–২ আসনে যুক্ত হওয়ায় রিংকু আপার নেতৃত্বে নতুনভাবে সংগঠিত হচ্ছেন তারা।
পীরেরচর এলাকার ভোটাররা জানান, নতুন আসনে যুক্ত হওয়ার পর শামা ওবায়েদ রিংকুর আগমন তাদের কাছে আনন্দের বিষয়। তার নেতৃত্বে স্থানীয় উন্নয়ন ও রাজনৈতিক সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে।
মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন,
“আপনাদের সন্তান ও বোন হিসেবে আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করুন। আলগী ও হামিরদী ইউনিয়নকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন,
“আপনাদের আন্দোলনের কারণে বহু নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়ে ঘরছাড়া। যারা কারাগারে আছেন, আমি হাইকোর্টের মাধ্যমে তাদের জামিনের ব্যবস্থা করব। যারা এলাকায় ফিরতে পারছেন না, তাদের হয়রানি বন্ধে প্রশাসনের সঙ্গে কথা বলব।”
তিনি আশ্বাস দিয়ে বলেন,
“দলমত নির্বিশেষে আপনাদের বোন হিসেবে সবসময় পাশে থাকব। আমার বাড়ির দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে এবং
“আলগী ও হামিরদী ইউনিয়নের পূর্বের উন্নয়ন ধারাবাহিকতা পুনঃস্থাপন করে এ দুটি ইউনিয়নকে উন্নয়নের মডেলে গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।”
পথসভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের উপস্থিতিতে পুরো এলাকা জমজমাট হয়ে ওঠে।
Reporter Name 






















