
হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের কালাই উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৫ (৬–১১ ডিসেম্বর) উপলক্ষে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক জনাব শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, এবং কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ মাহমুদুল হাসান। তিনি বলেন, পরিবার কল্যাণ সেবা বিস্তারে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত প্রচেষ্টাই কাঙ্ক্ষিত সফলতা নিশ্চিত করতে পারে।
এই কর্মসূচি বাস্তবায়ন করছে আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কাওরান বাজার, ঢাকা এবং আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কালাই, জয়পুরহাট।
সভায় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সেবা প্রদানকারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় সুইডেন ও কানাডার অংশীদারিত্বে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে জনগণের প্রতি আরও কার্যকর সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Reporter Name 


















