
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর–মাদারীপুর মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী ইউনিয়ন পরিষদের সামনে সোমবার রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী লাবিবা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ অন্তত দুইজন গুরুতর আহত হন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার ফলে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে থানা পুলিশের এসআই (নিঃ) আজাদ হোসেন জানান, লাবিবা পরিবহনের বাস ও রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Reporter Name 






















