
মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়।
এরপর উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকালে বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্কাউট ও শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ১০টা থেকে উপজেলা সদর মুক্ত মঞ্চে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে পলাশ গোবিন্দ নগর মিনি স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
Reporter Name 


















